ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল বাঁশের সাঁকোর নিচে বসে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর বাজার এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন করেন।
মুফতি রায়হান জামিল বলেন, স্থানীয় জনগণের কষ্ট, সংগ্রাম ও বাস্তবতাকে সামনে রেখে এই ইশতেহার ঘোষণা করা হয়েছে। রাজনীতি হবে সাধারণ মানুষের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের হাতিয়ার ক্ষমতার অপব্যবহারের মাধ্যম নয়।
ইশতেহারে তিনি নির্বাচিত হলে যেসব কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো-প্রতি মাসে প্রাপ্ত সরকারি বেতন গরিব ও দুঃখীদের মাঝে বিতরণ, সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব প্রত্যেক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, এমপির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু, বেকারদের জন্য ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং কোর্স চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থা।
এছাড়াও হিজড়া ও বেদে সম্প্রদায়ের বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা, ফরিদপুর-৪ আসনকে বেকারমুক্ত করা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থায়ী আবাসন, আধুনিক পার্ক ও স্টেডিয়াম নির্মাণ, জনগণের চাহিদা অনুযায়ী রাস্তা, ব্রিজ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহারে আরও রয়েছে গোপালপুর-মৈনুট নৌরুটে ফেরি চালু, প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও নিরাপদ আয়ের সুযোগ সৃষ্টি, দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের বিনা সুদে ঋণ ও আধুনিক কৃষি প্রশিক্ষণ এবং চাঁদাবাজি, দুর্নীতি, মামলাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থান।
স্থানীয় জনগণ এই ব্যতিক্রমী ইশতেহার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু প্রতিশ্রুতি নয় বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি দৃঢ় বার্তা।
