আবু বক্কর সিদ্দিক
উখিয়া-টেকনাফের চারবারের সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরী বলেছেন, “উখিয়া-টেকনাফের উন্নয়নে আমি আমার পুরো জীবন উৎসর্গ করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এক টাকাও দুর্নীতি করিনি এবং কোনো মানুষের ক্ষতি করিনি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। উখিয়া ও টেকনাফের বিভিন্ন ইউনিয়ন থেকে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ধানের শীষের স্লোগান দিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। বিকেল গড়াতেই বিদ্যালয় মাঠ ছাপিয়ে আশপাশের সড়কগুলোতেও মানুষের ঢল নামে।
বক্তব্যে শাহজাহান চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আজ সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। দেশে একটি স্থিতিশীল সরকার আসা অত্যন্ত জরুরি। আর স্থিতিশীল সরকার গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।”
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হলে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।”
উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা শাহজাহান চৌধুরীর বিগত চার মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ উখিয়া ও টেকনাফ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শাহজাহান চৌধুরীর শেষ জনসভায় জনসমুদ্র জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হতে চাই

ছবি: সংগৃহীত