
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় যা-ই ঘটুক না কেন, নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
নিজেকে শহীদ জিয়ার সৈনিক দাবি করে জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনোই, গায়ের জোরেই করে এসেছি এবং গায়ের জোরেই করি; এটা তারেক রহমান নিজেই জানেন। অতএব এই দল আমার এবং আমি করবই।’
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আমি এই নির্বাচনে যেখানেই গেছি, সেখানেই বিপুল সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার বাহিনী ভোটারদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। আমি বিষয়গুলো প্রশাসনকে অবহিত করেছি।’
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। এতে আরও বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি মুক্তি পান।





