আর মাত্র তিন দিন বাকি ভোটের। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নতুন করে বিএনপি জোটের সমর্থন পাওয়া গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে বিজয়ী করতে মাঠে প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আদালত থেকে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে না পাওয়ায় তিন দিন আগে দলের হাইকমান্ডের নির্দেশে বিএনপির ওই প্রার্থীসহ দলের নেতারা ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে মাঠে নেমেছেন, যদিও জামায়াত জোট তাদের প্রার্থী হাসনাতের বিজয়ে আত্মবিশ্বাসী এবং বলছে, বিএনপি জোট হাসনাতের বিজয় ঠেকাতে পারবে না।
বিএনপি নেতারা বলেন, মঞ্জু মুন্সীর মনোনয়ন হারানোর পর জোটের জন্য শেষ ভরসা ট্রাকের প্রার্থী জসিম উদ্দিন, যদিও প্রতীক পাওয়ার পর একাই প্রচারণায় ছিলেন জসিম উদ্দিন।
গত বৃহস্পতিবার রাতে মনোনয়ন হারানো মঞ্জু মুন্সী ছাড়াও দলের নেতারা প্রচারণায় ট্রাকের গতি বাড়িয়ে তাকে বিজয়ী করার জন্য মাঠে নামার ঘোষণা দেন। এ আসনে এত দিন জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মাঠ ফাঁকা থাকলেও বিএনপি জোটের সমর্থনের পর হাসনাতের অনুসারীরাও ট্রাকের গতি কমাতে কৌশলে ভোটের মাঠে কাজ করছেন। তাঁরাও হাসনাতের পক্ষে পাড়া-মহল্লায় সভা-সমাবেশ ও গণসংযোগ বাড়িয়ে দিচ্ছেন। জানা গেছে, গত রবিবার গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন দেবীদ্বার উপজেলার বড়শালঘর, রসুলপুর, ইউসুফপুরসহ বেশ কিছু ইউনিয়নে উঠান বৈঠক ও নির্বাচনী সভা-সমাবেশ করেছেন।
সমাবেশগুলোতে মনোনয়ন হারানো মঞ্জু মুন্সী ছাড়াও দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন বিকেলে দেবীদ্বার পৌর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। দেবীদ্বার পৌর সদর এলাকার ব্যবসায়ী জামিরুল বলেন, বিএনপি জোট গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের ট্রাক প্রতীকে সমর্থন দেওয়ার পর হাসনাত আবদুল্লাহর জয়ে কিছুটা বেগ পেতে হবে। কারণ দীর্ঘদিন ধরে এই আসনটি বিএনপি অধ্যুষিত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে বিএনপি শেষ মুহূর্তে বিজয় ছিনিয়ে আনতে মরণ কামড় দিতে পারে।
এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘বিএনপি ট্রাক প্রতীককে সমর্থন দেওয়ায় নতুন করে ঘুরে দাঁড়িয়েছি।’ এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি ট্রাক প্রতীককে সমর্থন দিলেও এ নিয়ে আমি চিন্তিত নই। ১২ ফেব্রুয়ারি জনতা ন্যায়ের পক্ষে রায় দেবে বলে আমি শতভাগ আত্মবিশ্বাসী।’
