লক্ষ্মীপুর প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগতিতে যৌথ বাহিনীর অভিযানে চর গাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর আক্তার হোসেন বাচ্চুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের রামগতি থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-চর গাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি রামগতি উপজেলা শাখার সাবেক সহসভাপতি মীর আক্তার হোসেন বাচ্চু এবং রিয়াজ উদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান।
জানা গেছে, মীর আক্তার হোসেন বাচ্চুর বিরুদ্ধে হুমকি, ধমকি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বলে অভিযোগ উঠেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মীর আক্তার হোসেন বাচ্চু ও রিয়াজ উদ্দিন উভয়েই ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
