ভূমিধস জয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তারেক রহমান 

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৩৪ টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১৬৬ আসনে জয় পেয়ে গেছেন বিএনপি ও তাদের জোট প্রার্থীরা। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে, বিএনপির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আগামী সরকার। ফলে, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই সরকারপ্রধান হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল হতে যাচ্ছে তারা।

ঘোষিত ফলাফলে এখন পর্যন্ত ৬৩টি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। আর ৫টি আসনে জয় জুটেছে অন্যান্য দলের প্রার্থীদের কপালে।

Exit mobile version