পরাজিত প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিজয়ীর বেশে আবু সাঈদ চাঁদ

মোঃ সিজার হোসেন

নির্বাচনী মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে এবার এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির নজির স্থাপন করলেন রাজশাহী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। জয়লাভের পর তিনি সরাসরি ছুটে গেলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক-এর বাসভবনে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আবু সাঈদ চাঁদ তার কর্মী-সমর্থকদের নিয়ে নাজমুল হকের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত এমপিকে স্বাগত জানান নাজমুল হক। এসময় তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং কুশলাদি বিনিময় করেন।

আবু সাঈদ চাঁদ বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র। ভোটের লড়াই মাঠেই শেষ। এখন আমাদের মূল লক্ষ্য চারঘাট ও বাঘার মানুষের উন্নয়ন। নাজমুল হক সাহেব আমার ছোট ভাই সমতুল্য, এলাকার উন্নয়নে আমি তার পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করি।”

পরাজিত প্রার্থী নাজমুল হকও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, “রাজনীতিতে জয়-পরাজয় থাকবেই। তিনি আমার বাড়িতে এসেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। এলাকার কল্যাণে যেকোনো ভালো কাজে আমার সমর্থন থাকবে।”

নির্বাচন পরবর্তী সময়ে সাধারণত রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করে। কিন্তু দুই শীর্ষ নেতার এমন সৌজন্য সাক্ষাৎ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয় ভোটাররা বলছেন, এমন সংস্কৃতি বজায় থাকলে এলাকায় হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মিষ্টি মুখ ও চা-চক্রের মধ্য দিয়ে এই সৌজন্য সাক্ষাৎটি শেষ হয়।

Exit mobile version