প্রবীণ সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর মৃত্যুবার্ষিকী পালন

যশোর জেলা প্রতিনিধি,মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের সাংবাদিক আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রবীণ নেতা মহিদুল ইসলাম মন্টুর মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬)। এ উপলক্ষে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।

আশি ও নব্বই দশকে যশোরের সাংবাদিক অঙ্গনে মহিদুল ইসলাম মন্টু ছিলেন পরিচিত ও প্রভাবশালী নেতৃত্ব। তিনি যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর–এর নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। সংগঠন গঠনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)–এরও একজন নেতা ছিলেন।

২০১৫ সালে বিএফইউজে বিভক্ত হওয়ার পর ২৫ জানুয়ারি ফকির শওকত, আনোয়ারুল কবির নান্টু, শেখ দিনু আহমেদ, মোকাদ্দেছুর রহমান রকি, সোহরাব হোসেন, বদরুদ্দিন বাবুল, দেওয়ান মোর্শেদ আলম ও মালেকুজ্জামান কাকার সঙ্গে তিনি যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) গঠনে নেতৃত্ব দেন। বর্তমানে সংগঠনটি যশোরের আটটি উপজেলা নিয়ে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ সাংবাদিক ট্রেড ইউনিয়ন হিসেবে কাজ করছে।

সহকর্মীরা বলেন, ব্যক্তিজীবনে মহিদুল ইসলাম মন্টু ছিলেন সাদামাটা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ। জীবনের শেষ পর্যায়ে দীর্ঘদিন অসুস্থ থাকলেও সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অটুট।
মৃত্যুবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে।

Exit mobile version