বিমানবন্দরে গ্রেফতার টঙ্গীর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা

টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোড এলাকার বাসিন্দা এবং স্থানীয় মমিন মোল্লার ছেলে।

আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী ফ্লাইট (এমএইচ-১৯৭) এ দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version