রাকিব হাসান
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সিগঞ্জ সদরে প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মুন্সিগঞ্জ সদর-এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রমের সূচনা করা হয়। পরে আগত অতিথিরা পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ মাজারুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞা।
বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়, পাঠদানের আধুনিক কৌশল প্রয়োগ, নিয়মিত শ্রেণিকক্ষ তদারকি এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
