সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

হাফিজুর রহমান খান

সেন্ট মার্টিন দ্বীপ–এর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

অভিযানে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট, আটক ব্যক্তিরা এবং ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রপথে পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version