জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিন হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মাসহ আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জাহিন হাসান জামালপুর শহরের মনিরাজপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।
আহতরা হলেন- নিহতের মা বিথি আক্তার (৩৫), মাদারগঞ্জের জোনাইল এলাকার সামিরা বেগম (৪০) এবং একই এলাকার সেলিনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু ও তার মা আত্মীয়ের বাড়িতে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ একটি মাহিন্দ্রা ট্রাক্টর আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে আসে। এ সময় দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহত অবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ বলেন, ‘মাহিন্দ্রা ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশাটির চালক পালিয়ে গেছেন।
অটোরিকশা ও মাহিন্দ্রাটি জব্দ করে থানায় আনা হয়েছে।’
