আবু বক্কর সিদ্দিক উখিয়া
টেকনাফে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, “যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, তারা স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে যান। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
গতকাল টেকনাফ উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। বিশেষ করে সীমান্তবর্তী জনপদ হওয়ায় টেকনাফকে ব্যবহার করে সারা দেশে ইয়াবা ছড়িয়ে পড়ছে। এটি বন্ধ করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে কেবল প্রশাসন নয়, বরং রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ইফতার মাহফিলে বক্তারা উখিয়া-টেকনাফ অঞ্চলকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পাড়া-মহল্লায় সচেতনতা গড়ে তুলতে হবে এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মাদক মুক্ত টেকনাফ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইয়াবা ব্যবসায়ীরা এলাকা ছাড়ুন, অন্যথায় কঠোর ব্যবস্থা: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ছবি: সংগৃহীত