
হাফিজুর রহমান খান
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে, বিষয়টি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
অভিযোগ উঠেছে, বনদস্যু, ভূমিখেকো ও গাছচোরদের একটি চক্র পরিকল্পিতভাবে আগুন দিচ্ছে। তাদের উদ্দেশ্য বন ধ্বংস করে জমি দখল ও প্লট তৈরি করা, পাশাপাশি মূল্যবান গাছ চুরি করা। আগুন লাগার পর পুড়ে যাওয়া বা দুর্বল হয়ে পড়া গাছ সহজেই কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা বলছেন, এসব ঘটনায় শুধু বনজসম্পদ নয়, পুরো এলাকার জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। ধোঁয়া ও আগুনের কারণে পরিবেশ দূষণও বাড়ছে।
সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি জোরদার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।





