মনিরামপুরে নানাবাড়িতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান

যশোরের মনিরামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে রান্নাঘরের সানসেট থেকে পড়ে রিদম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিদম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বটতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে রিদম তার নানাবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর উঠে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে ওপর থেকে নিচে স্তূপ করে রাখা ইটের ওপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিদমকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবারে এই ঘটনায় মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানা-পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত হয়েছে। বর্তমানে পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

Exit mobile version