যশোরের কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১০টি চোরাই বাইসাইকেল, গাঁজা ও একটি বার্মিজ ফোল্ডিং ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত ১টা ৩৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ) মো. আনিছুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ষষ্টিতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১০টি চোরাই বাইসাইকেল, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি স্টিলের তৈরি ফোল্ডিং বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মো. বাপ্পি মোল্যা (৪২) এবং তার সঙ্গে থাকা ১৩ বছর বয়সী এক শিশুকে আটক করা হয়।
আটক মো. বাপ্পি মোল্যা ষষ্টিতলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত খোকন মোল্যা ও মৃত সালমা বেগমের ছেলে। তিনি সরকারি রেলওয়ে কোয়ার্টারের ভাড়াটিয়া হিসেবে পাখিপট্টি এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং প্রাপ্তবয়স্ক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, এলাকায় চুরি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে
