কক্সবাজারের সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণাধীন একটি দালান উচ্ছেদ করেছে বনবিভাগ। রবিবার (৮ মার্চ) সকালে অভিযান চালিয়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রেঞ্জের খুনিয়াপালং বিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দালান নির্মাণের কাজ চালিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে বনবিভাগ অভিযান পরিচালনা করে নির্মাণাধীন স্থাপনাটি উচ্ছেদ করে।
অভিযানটি পরিচালনা করেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান। এ সময় ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তাসহ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভিন্ন রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।
বনবিভাগ জানায়, সংশ্লিষ্টদের আগেই পাকা স্থাপনা নির্মাণ না করার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করে একটি ভূমিদস্যু সিন্ডিকেট অবৈধভাবে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। পরে খবর পেয়ে বনবিভাগ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণাধীন দালানটি উচ্ছেদ করে।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, Forest Act 1927 এবং সংশোধিত বন আইনের আওতায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও বন উজাড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
