দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানালেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান

দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মুসলমানদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এ উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

লায়ন মোঃ ফারুক রহমান বলেন, ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এ দিনে মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এবং আত্মশুদ্ধির আনন্দে সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এই আনন্দে অংশ নিতে পারে। তাই সমাজের সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যেন কোনো অভাবী মানুষ ঈদের দিনে অভুক্ত না থাকে এবং সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।

লায়ন মোঃ ফারুক রহমান, দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলেও উল্লেখ করেন। তিনি নিয়মিত দান-সদকা ও বিভিন্ন মানবিক সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ঈদের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলা। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ সময়ে পর একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে। অতীতে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়ে যেসব পরিবার স্বজন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি সমাজের সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধির অমিয় ধারা প্রবাহিত হোক।

Exit mobile version