যশোরে বাড়িতে ঢোকা নিয়ে বিরোধ মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে মামি-শাশুড়ি গুরুতর আহত

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারাপুর আবুলপট্টি এলাকায় বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে বিরোধের জেরে এক মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে মোমেনা বেগম (৬২) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত যুবকের নাম রকি (২০)।

বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার সিতারাপুর আবুলপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোমেনা বেগমকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রকি তার ফুফুর বাড়িতে আসেন। গভীর রাতে ওই বাড়িতে তার অবস্থান নিয়ে জানতে চাইলে মোমেনা বেগমের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রকি একটি কাঠের লাঠি দিয়ে মোমেনা বেগমের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসীর দাবি, রকি ওই এলাকার চিহ্নিত মাদকাসক্ত যুবক। আহত মোমেনা বেগম সম্পর্কে তিনি মামি-শাশুড়ি হন।

এই ঘটনায় প্রেক্ষাপটে তার স্ত্রীর শিউলি বেগম জানান তার স্বামী বিদেশ থাকাকালীন টাকা পাওনা লেনদেন ছিল। সেই থেকে বিরোধ থাকতে পারে।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। আহতের স্বজন মাসুদ জানান, মোমেনা বেগমের মাথায় গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রকিকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Exit mobile version