যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঝটিকা অভিযানে মরণনেশা মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিশাল কাঁচামালের চালানসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ব্যস্ততম মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) অলক কুমার দে-র নেতৃত্বে একটি চৌকস টিম রাত ৯টার দিকে মনিহার এলাকায় অবস্থান নেয়। সেখানে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন শাপলা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের বক্স থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরা ২৫ কেজি এফিড্রিন/সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়।
যশোর ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এই রাসায়নিকগুলো মূলত উচ্চমাত্রার মাদক ‘মেথামফেটামিন’ বা ‘ক্রিস্টাল আইস’ তৈরির প্রধান কাঁচামাল। এত বিপুল পরিমাণ কাঁচামাল দিয়ে কয়েক কোটি টাকা মূল্যের মাদক তৈরি করা সম্ভব ছিল। ধারণা করা হচ্ছে, সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে এই বিশাল চালানটি দেশের অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
উদ্ধারকৃত কাঁচামাল জব্দ করার পাশাপাশি অভিযুক্ত শাপলা খাতুনকে আজ (১৩ মার্চ) সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং কোথায় এই মাদক তৈরির পরিকল্পনা ছিল, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা শাখা।
