গতকয়েক দিন যাবত জ্বালানি তেলের সংকটে দিশেহারা রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কৃষক, ব্যবসায়ী, ইণ্জিনযান চালক সহ সাধারণ জনগণ ও যাত্রীরা।এমন পরিস্থিতিতে দ্রুত সময়ে জ্বালানি সংকট নিরসনের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।
১৫ (মার্চ) রবিবার দুপুর ১২টায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন যাত্রী ও ভোক্তা কল্যাণ পরিষদ লংগদু উপজেলার আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মামুন ও সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম সেলিম।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, যাত্রী কল্যাণ পরিষদের সদস্য মাওলানা আমিনুর রশিদ, সদস্য রাকিব হাছান সহ আরো অনেকে ।
প্রদত্ত স্মারক লিপিতে বলা হয়, মধ্য প্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সারা দেশে জ্বালানী সরবরাহে কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে যা আমরা অবগত। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে জ্বালানী তেলের মূল্য অপরিবর্তিত রেখে রেশনিং পদ্ধতিতে জ্বালানী সরবরাহ করা হচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক ।
রাঙ্গামাটি জেলা সদরসহ অন্যান্য উপজেলায় জ্বালানী সরবরাহ স্বাভাবিক থাকলেও লংগদু উপজেলার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। গত তিনদিন যাবত তেলের পাম্পগুলোতে জ্বালানী সরবরাহ বন্ধ রয়েছে ।
এমতাবস্থায় কৃষি জমিতে সেচ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। ফলে চলতি বছরে ভয়াবহ খাদ্য সংকটের আশংকা করা হচ্ছে। আবার স্থানীয়ভাবে উৎপাদিত পচনশীল কৃষি পণ্য শহরে রপ্তানি করা যাচ্ছে না । এতে কৃষকগণ প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন । এছাড়াও জ্বালানী তেলের সংকটের কারণে যাত্রী পরিবহনে বহুল ব্যবহৃত স্পীড বোট, ইঞ্জিন চালিত বোট, মোটরসাইকেল সহ সবধরনের যানবাহনে যাত্রী পরিবহন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে রমজানে ও ঈদুল ফিতরের পূর্ব মূহুর্তে চরম জনদূর্ভোগ ও স্থানীয় জনসাধারনের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায়, অতি দ্রুত জনগনের ভোগান্তি লাঘবে লংগদু উপজেলায় জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করনে জেলা প্রশাসকের জরুরী পদক্ষেপ কামনা করা হয়েছে।
