দীঘিনালায় তেলের সংকট: পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তিতে গ্রাহক।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে যখন স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেই সময় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ফলে উপজেলার তেলের পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন।

সরেজমিনে দেখা যায়, দীঘিনালার বিভিন্ন তেল পাম্পে সকাল থেকেই মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালক ও সাধারণ গ্রাহকদের।ক্তভোগীরা জানান, তেলের সংকটের কারণে নির্ধারিত পরিমাণেও অকটেন, পেট্রোল ও ডিজেল পাচ্ছেন না তারা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এতে দৈনন্দিন চলাচল ও পেশাগত কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।পাম্প মালিকদের অভিযোগ, তারা পর্যাপ্ত পরিমাণে অকটেন ও ডিজেল সরবরাহ পাচ্ছেন না। তেল সংগ্রহের জন্য অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরও। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী জ্বালানি বিতরণ করা সম্ভব হচ্ছে না।
এদিকে, জ্বালানি সংকট অব্যাহত থাকলে ঈদকে ঘিরে স্থানীয় জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। দ্রুত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Exit mobile version