জাতীয়

ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এই দাবি করেন।

যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলোর কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জনভোগান্তি কমাতে আগামীতে এসব যত্রতত্র কাউন্টার স্থাপন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বাড়তি ভাড়া আদায় রোধে ইতিমধ্যে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে সড়কমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও নৌ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে কাউন্টার থেকে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে।

যাত্রা নির্বিঘ্ন করতে ও বাড়তি ভাড়া নিয়ে মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তবে এর মাঝেও বিচ্যুতি হচ্ছে না, তা অস্বীকার করার সুযোগ নেই। যেখানে কিছু ব্যত্যয়, বিচ্যুতি রয়েছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।

এসময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button