সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) সকালে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।

এর আগে, সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণে প্রবেশ উন্মুক্ত করা হলে মুহূর্তেই ভিড় বাড়তে শুরু করে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দলে দলে সেখানে জড়ো হন।

সকালের দিকে যে জনস্রোত তৈরি হয়, তা ক্রমেই বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পৌঁছে যায়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ করা গেছে পুরো এলাকায়।

Exit mobile version