বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও প্রীতিসম্পন্ন পরিবেশে উদযাপন করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

‎ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বোরহান উদ্দিন এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা আলী আহসান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার ও সাধারণ কেয়ারটেকারবৃন্দ। বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।বক্তারা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

‎বক্তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতার মূল চেতনা হলো শোষণমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানের সমাপনীতে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের অব্যাহত উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

Exit mobile version