মোঃ জুম্মান হোসেনঃ যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের এক মাদ্রাসাছাত্র গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মোঃ জুবায়ের ইসলাম (১১)। সে স্থানীয় রূপদিয়া রেলস্টেশন হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে জুবায়ের কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জুবায়েরের বাবা নাজমুল ইসলাম যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ জুবায়েরের শারীরিক গঠন মাঝারি, উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। তার মুখমণ্ডল গোলাকার এবং মাথায় ছোট কালো চুল রয়েছে। সে যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
জুবায়েরের পরিবার ও পুলিশ প্রশাসন নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বর ০১৬১৮-২৫২৮৩৫-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষে থেকে জানিয়েছেন নিখোঁজ ছাত্রের সন্ধানে তারা কাজ করছে এবং দেশের অন্যান্য থানায়ও বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
