কাজ শেষে ভারত থেকে দেশে ফেরার পথে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্ত থেকে মো. সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ আলী ভারতে শ্রমিকের কাজ করতেন।
কাজ শেষে আজ ভোর রাতে তিনি হরিপুর সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে নিজের বাড়িতে ফিরছিলেন। এসময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এলাকাটি বাংলাদেশের বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন সীমানার অন্তর্ভুক্ত।
সোহাগের পরিবার সূত্রে জানা গেছে, তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালানের সঙ্গে জড়িত নন।অভাবের তাড়নায় কাজের সন্ধানে তিনি সীমান্ত পাড়ি দিয়েছিলেন এবং কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন। সোহাগের বাবা মো. জাহাঙ্গীর আলম তার ছেলেকে দ্রুত ফিরে পেতে বিজিবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, বিষয়টা সম্পর্কে অবগত হয়েছি, আমরা এটা নিয়ে কাজ করছি।
