কোহলির সঙ্গে তুলনায় ক্ষুব্ধ বাবর আজম, সাংবাদিককে কড়া জবাব

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার সংবাদ সম্মেলনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবর আজম। সাংবাদিকের এক প্রশ্নে যেন কিছুটা অপ্রস্তুতই হয়ে পড়েন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচে বাবর ৩৭ বলে ৪৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তবে ১৪৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি তিনি।

যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জয় তুলে নেয় তার দল পেশোয়ার জালমি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাবরের ‘ম্যাচ ফিনিশ করতে না পারা’ নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তুলনা টেনে বলেন, কোহলি একই ধরনের ব্যাটিং করেও ম্যাচ শেষ করতে পারেন, যেখানে বাবর পিছিয়ে।

এমন প্রশ্নে স্পষ্টতই বিরক্ত হন বাবর আজম। তিনি জবাবে বলেন, ‘এই বিষয়গুলো শেষ করুন। নিজের কাছেই রাখুন। তুলনা বন্ধ করুন এবং সামনে এগিয়ে যান। এটা আপনার ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করতে পারি না।

বাবরের এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন সমালোচনার জবাব মাঠেই দেওয়া উচিত। টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের স্ট্রাইক রেট ও ফিনিশিং ক্ষমতা নিয়ে সমালোচনা নতুন নয়। তবু ধারাবাহিক পারফরম্যান্সের কারণে পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে তার অবস্থান অটুট রয়েছে।

চলতি পিএসএলে এখন পর্যন্ত দুই ম্যাচে বাবর করেছেন ৮২ রান, স্ট্রাইক রেট ১২৬.১৫। তবে বড় ইনিংস খেলতে না পারা ও কম বাউন্ডারি এখনো তার জন্য প্রশ্ন হয়ে থাকছে।

Exit mobile version