ইতালিতে বাংলাদেশি পরিবারের উপর বর্ণবাদী হামলা, পাশে দাঁড়াল স্থানীয়রা

ইতালির ভেনিস প্রদেশের সালজানোতে বসবাসরত ৪৯ বছর বয়সী মিয়া মো. আহিদ ও তার পরিবার দীর্ঘ দুই বছর ধরে বর্ণবাদী হামলার শিকার হচ্ছেন।

অজ্ঞাত হামলাকারীরা একাধিকবার তাদের গাড়ির টায়ার কেটে ফেলা, জানালার কাঁচ ভাঙা এবং চিঠির মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ বর্ণবাদী হুমকি দিয়ে আসছিল। এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় ইতালীয় কাউন্সিলর, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা ভুক্তভোগী বাংলাদেশি পরিবারের বাড়িতে গিয়ে সংহতি প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় সেবামূলক সংস্থা ‘আউসার’ (Auser)-এর মাধ্যমে একটি বিশেষ তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। কাউন্সিলর ভান্নি ফাব্রিস জানিয়েছেন, সালজানো একটি অতিথি পরায়ণ শহর এবং মুষ্টিমেয় কিছু মানুষের ঘৃণা পুরো শহরের পরিচয় হতে পারে না।

স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন যে, মাসখানেক আগেও ওই এলাকার একটি পার্কে বর্ণবাদী স্লোগান সংবলিত লিফলেট পাওয়া গিয়েছিল, যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা কেবল সমবেদনাই নয়, বরং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ওপর জোরালো চাপ সৃষ্টি করেছেন।

Exit mobile version