চাঁদপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া টাওয়ার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। স্থানীয় সামাজিক সংগঠন চাঁদপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রশাসক আশিকুরজ্জামান তুহিন। ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আশিকুরজ্জামান তুহিন বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। তরুণদের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেয় এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজনের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহাগ এবং কনটেন্ট নির্মাতা বেকে লিটন। জেলা ও জেলার বাইরে থেকে আগত বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। প্রিয় তারকাদের এক নজর দেখতে টাওয়ার মাঠে স্থানীয় শত শত মানুষের ঢল নামে।

আয়োজক সংগঠনের সদস্য হাসিবুল, পলাশ, গোলাম ও শামিম জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রেখে মানুষকে সুস্থ বিনোদন দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল তরুণদের এমন সুশৃঙ্খল, সাংস্কৃতিক ও নান্দনিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত দর্শকদের অংশগ্রহণে পুরো চাঁদপাড়া টাওয়ার মাঠ আনন্দ ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

Exit mobile version