আইন-আদালত

কুড়িগ্রামে মাদক মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড, জরিমানা

মোঃ মশিউর রহমান বিপুল

কু‌ড়িগ্রা‌মে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম জেলার ফুলবাড়ি উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত উমর আলীর ছেলে। ২০১৬ সালে তার বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানান পুলিশ মামলা দায়ের করে। মামলার নম্বর দায়রা মামলা নং-৩৫৩/২০১৬। ওই মামলায় ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় অভিযোগ আনেন।

মামলার তদন্ত শেষে পুলিশ নুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. তারিক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আশরাফ আলী । আদালত আরও নির্দেশ দেন, মামলায় আসামির পূর্বের হাজতবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button