‘জনি জনি ইয়েস পাপা’ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী: উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী

ইংরেজি নার্সারি ছড়া ‘জনি জনি ইয়েস পাপা’ এবং ‘রেইন রেইন গো অ্যাওয়ে’ শিশুদের ভুল শিক্ষা দেয় এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থি বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়।
রোববার (১০ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি, আগ্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পরে লখনৌয়ের একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ও একই প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘জনি জনি ইয়েস পাপা’ এই ছড়ার লাইনগুলো শিশুদের মিথ্যা বলতে শেখায়। ছোটদের মনে এটি ভুল বার্তা পৌঁছে দেয়। এছাড়াও ‘রেইন রেইন গো অ্যাওয়ে’ ছড়ার সমালোচনা করে তিনি বলেন, এই লাইন শিশুদের ঐক্যবদ্ধ মনোভাব ত্যাগ করে আত্মকেন্দ্রিক মানসিকতায় ধাবিত করে। এটি আমাদের সংস্কৃতির সঙ্গে কোনভাবেই নয়।
তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতি সবাইকে এক হতে শেখায়। সমাজে সবার কল্যাণ ও সুখের কথা বলে। কিন্তু এই ছড়া শুধুমাত্র নিজের আনন্দকে গুরুত্ব দিতে শেখায়, যা আমাদের সংস্কৃতির অংশ নয়। ভাষা নিয়ে তার কোনো আপত্তি নেই বরং তিনি মনে করেন শিশুদের এমন কিছু শেখানো উচিত নয় যা ভুল ‘মূল্যবোধ গড়ে’ তোলে।





