টেকনাফে আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন

টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল জব্বারের বিরুদ্ধে দায়ের করা ৫ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা অভিযোগ করেন, শাহপরীর দ্বীপের সাবেক মেম্বার মো. ইসমাঈল কর্তৃক দায়ের করা এ মানহানি মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা।
তারা বলেন, শাহপরীর দ্বীপের নিরীহ মানুষদের হয়রানি, মামলা বাণিজ্য ও সামাজিক অনিয়মের প্রতিবাদ করায় আব্দুল জব্বারকে টার্গেট করে এ মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মী ও সমাজসচেতন ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই যদি মামলা-হামলার শিকার হতে হয়, তাহলে সমাজে সত্য প্রকাশের পথ সংকুচিত হয়ে যাবে।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ শাহপরীর দ্বীপের নিরীহ মানুষদের জিম্মি করে মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসিয়ে হয়রানি করে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তারা উচ্চ রাজনৈতিক মহল ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে “হয়রানিমূলক” এ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







