রাজনীতি

সীমান্তে হত্যা করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে ভারত: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে।

দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। শুক্রবার (১৫ মে) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। পুশইন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

ভারতের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হলেও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং নিরীহ মানুষের ওপর নিপীড়ন চালাচ্ছে।

সম্প্রতি লেবাননে দুই প্রবাসী বাংলাদেশিকে ড্রোন হামলায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিলসহ অন্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button