কুতুবপুরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী ঝুঁকিতে ৬০০ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে গড়ে ওঠা বর্জ্য ডাম্পিং স্টেশনকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও একটি রপ্তানিমুখী পোশাক কারখানার প্রায় ৬ শতাধিক শ্রমিক। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এই বিশাল ময়লার ভাগাড় থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও মাছির উপদ্রবে পুরো এলাকার পরিবেশ এখন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ডাম্পিং স্টেশনের ঠিক বিপরীত পাশেই অবস্থিত ‘রোজ গার্ডেন অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে প্রায় ৬০০ শ্রমিক কর্মরত রয়েছেন। গার্মেন্টস কর্তৃপক্ষ জানান, কুতুবপুর ইউনিয়নসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ময়লা-আবর্জনা এনে এখানে ফেলা হচ্ছে। ফলে তীব্র দুর্গন্ধে শ্রমিকদের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাছির উপদ্রবে কারখানার পরিবেশও নষ্ট হচ্ছে।
শ্রমিকরা অভিযোগ করেন, মাছির উপদ্রব এতটাই বেড়েছে যে ক্যান্টিনে বসে স্বাভাবিকভাবে খাবার খাওয়াও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দুপুরের খাবারের সময় টেবিল ও প্লেটজুড়ে মাছির ঝাঁক দেখা যায়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ, ফতুল্লা থানা, জেলা প্রশাসন ও বিজিএমইএ (BGMEA)-এর কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংসদ সদস্যের দপ্তরেও অনুলিপি দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা ও গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য ডাম্পিং স্টেশনটি অন্যত্র সরিয়ে নেওয়া না হলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও শিল্পখাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।







