রাজনীতি

শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা সেই এডিসি মাসুদ রানাকে সরাল ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক তথ্যবহুল পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এডিসি মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে সম্বোধন করতে দেখা যায়।

সাংবাদিক জাওয়াদ নির্ঝরের অভিযোগ, শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন করা এবং তার জন্য নোবেল পুরস্কার কামনা করার মতো অতি-আওয়ামী লীগ ঘনিষ্ঠ ভূমিকার পরও ডিবির বিতর্কিত এই কর্মকর্তা ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। এই স্পর্শকাতর পদে বসে তিনি পুলিশের অভ্যন্তরীণ ও গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচার করছিলেন বলেও অভিযোগ ওঠে।

এর আগে ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে বিতর্কিত ভূমিকা রাখা এবং গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনেও তার সক্রিয় ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা চলছিল। সেই সব বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কমিশনারের দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button