জাতীয়

৩৪ বছর পর সিনেট অধিবেশন যাচ্ছে ছাত্র প্রতিনিধি, বাদ পড়েছেন ভিপি-জিএস

দীর্ঘ প্রায় ৩৪বছর পর ছাত্র প্রতিনিধি পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিনেট। তবে, ছাত্রত্ব নিয়ে জটিলতায় সিনেট সভায় অংশগ্রহণ করতে পারছেন না বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) শীর্ষ দুই নেতা ও জাকসু মনোনীত সিনেটর- ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনিুষ্ঠিত জাকসুর কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, আজ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সিনেটের ৪৩তম বার্ষিক সভায় পাঁচ ছাত্র প্রতিনিধি যাওয়ার কথা থাকলেও, বর্তমানে ছাত্র সিনেটর আছেন তিনজন। তারা হলেন, এজিএস (পুরুষ) ফেরেদৌস আল হাসান, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর। আজ সকাল সাড়ে ১১টায় জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে এক অনলাইন মিটিংয়ে বাকী দুজন সিনেটর মনোনয়নের কথা রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩এর ১৯(২) ধারায় বলা হয়েছে, ‘ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র না থাকেন তবে তাদের সিনেট সদস্য পদ বাতিল হয়ে যাবে।’
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী জাকসুর জিএস মাজহারুল ইসলামের ছাত্রত্ব শেষ হয়েছে। তিনি ইতোমধ্যেই আবাসিক হলের সিট ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, যথাসময়ে উত্তীর্ণ হতে না পারায় বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ-আউট (ঝরে পড়েছেন) হয়েছেন ভিপি আব্দুর রশিদ জিতু। তবে এখনও আবাসিক হল ছাড়েননি।

এ বিষয়ে জাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, অছাত্র ব্যক্তি ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেট সদস্য হওয়া- আইন বহির্ভূত হওয়ায় ভিপি-জিএস এ সভায় আসতে চান না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজকের সিনেটে ২০২৬-২০২৭ অর্থবছরের বিশ্ববিদ্যালয়ের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট যথাক্রমে ৩৪৮ কোটি ৭০ লাখ ও ৩৪৮ কোটি ২৫ লাখ টাকা পাস করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button