চট্টগ্রামে ক্রেনচাপায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নিহত: চালক গ্রেপ্তার

চট্টগ্রামের ইপিজেড থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় জড়িত ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে নাফিসা নাওয়াল পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হাজী মোহাম্মদ মহসীন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভী হাসপাতাল গেট ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেলচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।
এ সময় পেছন থেকে একই লেনে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেনের নিচে চাপা পড়েন তিনি। ক্রেনটি দ্রুতগতিতে চালিয়ে আসছিলেন চালক শামীম বিশ্বাস। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় নাফিসা নাওয়ালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। ২২ আগস্ট দায়ের করা মামলাটিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হেফাজ উদ্দিন এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে থানাধীন ফ্রি পোর্ট এলাকা থেকে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে।







