শেখ হাসিনাকে নিয়ে ভারত রাজনৈতিক দায় নেবে না: পার্থ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বললেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ভারতের সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না, তাই জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে।
আন্দালিব রহমান পার্থ বলেন, এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ তাকেসহ যাদের নামে মামলা আছে তাদের প্রত্যেককে ফেরত চায়।
গণতন্ত্রে বিশ্বাস করা মানসিকতার ব্যাপার। ১৭ বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না। এ সরকারের গত ৬ মাসে তেমন কোনও মানসিকতা প্রকাশ হয়নি। কাউকে বন্ধ করা, থামিয়ে রাখার মানসিকতা নেই আমাদের। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমরা দায়িত্ব পালন করছি, পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে গত ১৭ বছরে। এখান থেকে উঠে আসতে সবার সহযোগিতা প্রয়োজন-উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে থাকতে জানে। কিছু কিছু মানুষ ওভারঅ্যাক্ট করে। এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, এ বিষয়টি আমরা দেখব। সাংস্কৃতিক বিষয়ে বাধা বিঘ্ন দেয়ার মানসিকতা নেই সরকারের-যোগ করেন তিনি।





