যৌতুক মামলায় নার্স তানিয়া কারাগারে, স্বামীর অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুকের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া। শুনানি শেষে বিচারক আরিফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তানিয়া রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর তানিয়া স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে সংসার করবেন না বলে জানান তিনি। একপর্যায়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান তানিয়া। পরে পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তিনি যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. মামলা নম্বর ৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে।
বাদী সাখাওয়াত হোসেন বলেন, ‘সুন্দর একটি সংসারের স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানা অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আদালতের তদন্তের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। এরপর উভয় পক্ষের আইনজীবী ও লিগ্যাল এইডের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে, মামলার অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





