নেপালে কাটেনি বন্যার শঙ্কা, চীন সীমান্তে উজানে বাধার কারণে দ্বিতীয় দফায়

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পর নতুন করে আরেকটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নেপাল-চীন সীমান্তের উজানে একটি বাধা আটকে থাকায় যেকোনো সময় দ্বিতীয় দফায় বন্যার পানি নেমে আসতে পারে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ইসিমোড)।
বুধবার (২৬ আগস্ট) বন্যায় ভোতে কোশি ও ত্রিশুলি নদীতে পানি, পলি ও পাথরের স্রোত নেমে আসে। মাত্র ৩০ মিনিটে ত্রিশুলি নদীর পানির উচ্চতা গালছছিতে প্রায় ৯ মিটার বেড়ে যায়। নুয়াকোট ও ধাদিং জেলার ভাটির এলাকাগুলোও সতর্ক নজরদারিতে রাখা হয়েছে।
ইসিমোডের জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিভাগের প্রধান কিয়াংগং ঝাং জানিয়েছেন, নেপাল-চীন সীমান্তের উজানে এখনো একটি বাধা রয়েছে। এতে দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জিলং বন্দর এলাকা থেকে এরই মধ্যে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞানীরা ধারণা করছেন, উচ্চ পার্বত্য এলাকা থেকে বরফ ও পাথরের ধস নেমে নদীতে বাধা তৈরি হয়ে থাকতে পারে। তবে এর কারণ ও উজানে থাকা বাধার স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনো স্যাটেলাইট, ভূকম্পন ও পানিপ্রবাহের তথ্য বিশ্লেষণ চলছে।
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ইতিমধ্যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান চলার মধ্যেই নতুন করে দ্বিতীয় দফার বন্যার আশঙ্কা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সূত্র: এনডিটিভি





