ঢাকা
রূপগঞ্জে সিটি গ্রুপের রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিটি অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ মিলের বয়লার বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে মোজাম্মেল প্রধান ও সাব্বির আহমেদ দগ্ধ হন।
পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।







