
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ‘এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তাদের নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী, আমাদের বর্তমান ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এই সংখ্যাটা নিয়েই এগিয়ে যাবো। বিগত হালনাগাদ থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩। এতে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১। আর তৃতীয় লিঙ্গ হচ্ছে ১ হাজার ২৬৭।’
এই ভোটার তালিকাটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমার কাছে যতটুকু তথ্য সেই অনুযায়ী, আমাদের ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকার কাট-অফ ডেট দেয়া হয়েছিল। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা তো আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সিদ্ধান্তে যদি পরিবর্তন হয় তাহলে আমি আবারও একটা সংখ্যা আপনাদের বলবো। আপাতত এ টুকুই আছে আমার কাছে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, নির্বাচন সম্পর্কে কবে নাগাদ কী হবে, প্রধান নির্বাচন কমিশনার আপনাদের সঙ্গে সঙ্গে বলবেন। কাজেই আমরা ওই অনুযায়ী কাজ করছি।’
স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন স্তরে ভোটটা হবে সেটার ওপরে। এখন তো সেটাই বলেনি, অতএব আপনাকে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যাটা আমি বলতে পারছি না।’
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।





