নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ফাঁদে ফেলেছেন: আরাগচি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় নেতানিয়াহুকে ‘সর্প’ বলে আখ্যা দিয়েছেন তিনি। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, নেতানিয়াহু হিব্রু ভাষায় প্রকাশ্যেই গর্ব করে বলছেন যে, ইসরায়েলের স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে তিনি বোকা বানিয়ে জড়িয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কে প্রায় এক হাজার ঘণ্টা সম্প্রচারের মাধ্যমে মার্কিন জনমত ও প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের বিষয়টিও হাসতে হাসতে স্বীকার করেছেন।
আরাগচি লেখেন, ‘হিব্রু ভাষায় নেতানিয়াহু প্রকাশ্যেই গর্ব করে বলছেন, ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে তিনি ফাঁদে ফেলেছেন।’
তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু স্পষ্টভাবে হাসতে হাসতে বলছেন, যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কগুলোতে এক হাজার ঘণ্টা সম্প্রচারের মাধ্যমে তিনি আমেরিকাকে প্রভাবিত করেছেন।’
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহুর বক্তব্যের প্রসঙ্গ টেনে আরাগচি লেখেন, ‘ইংরেজিতে তিনি মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেন। সর্প।’
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপরাধী শাসকরা’ শুধু ইরানের জনগণের শত্রু নয়, তারা পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর শাসকদের নিজেদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তাদের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম উম্মাহর সমস্যার সমাধান নিহিত রয়েছে অভিন্ন লক্ষ্য, পারস্পরিক বন্ধুত্ব, কল্যাণ, ন্যায়বিচার ও সহযোগিতার মধ্যে। কিন্তু যুক্তরাষ্ট্রের ‘অপরাধী শাসক’ এবং ‘অবৈধ ইহুদিবাদী শাসক’ মুসলিমদের এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর বিরোধী।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল





