মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: রহমানিয়া কাচ্চি ও রাজলক্ষ্মীকে জরিমানা

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে জাফরানের পরিবর্তে হলুদ রং মিশিয়ে বাদামের শরবত তৈরির অভিযোগে রহমানিয়া কাচ্চিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টিতে পোকা পাওয়া এবং বাসি মিষ্টি বিক্রির অভিযোগে রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে রহমানিয়া কাচ্চির দোকানে বাদামের শরবত পরীক্ষা করে জাফরানের পরিবর্তে হলুদ রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে, রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডারে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির পাশাপাশি মিষ্টির মধ্যে পোকা পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে বাসি মিষ্টি বিক্রিরও সত্যতা মেলে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রহমানিয়া কাচ্চিকে ৫০ হাজার টাকা এবং রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘রহমানিয়া কাচ্চি ও রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডার ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযানে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’
তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







