চট্টগ্রাম
মেহেদিবাগে সিটি করপোরেশনের অভিযান: ২ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত
নগরের মেহেদিবাগ এলাকায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি খাবার হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের উদ্যোগে মেহেদিবাগ রোডে ন্যাশনাল হাসপাতালের বিপরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ব বিদ্যা ও ফুড ইন্সপেক্টর ইয়াসিন উল হক চৌধুরী।
অভিযানকালে ক্যাফে মদিনা হোটেলে পর্চা ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই এলাকায় তামিম ঝাল বিতানকে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।







