ইরানের ওপর কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

কয়েক সপ্তাহ বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে। সেই সঙ্গে ইরানের অর্থনীতি দুর্বল করার জন্য চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে হামলা ও চাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ছয় মাসেও দুই পক্ষের মধ্যে অচলাবস্থা কাটেনি। হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ চালিয়ে যাচ্ছে।
হরমুজে ইরান নতুন করে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য পাওয়ার পর গত রোববার রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। এরই পরিপ্রেক্ষিতে কঠোর আঘাত হানার হুমকি দিলেন ট্রাম্প। গত সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত করব। দেশটিকে জবাব দেওয়া হবে।’
কী স্টুপিড প্রশ্ন– সাংবাদিককে ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি সেটিকে ‘স্টুপিড প্রশ্ন’ বলে মন্তব্য করেন। সোমবার ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে তারা পরাজিত, আর এখন আমি তাদের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? কী স্টুপিড প্রশ্ন!’
প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা তেহরানের
মার্কিন হামলা ও চাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এদিকে মধ্যপ্রাচ্যে শুরু করা যুদ্ধে ‘যুক্তরাষ্ট্র এখন আটকে পড়েছে’ বলে মন্তব্য করেছেন বাঘাই।
কিরগিজস্তানের বিশবেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা বৈঠকের আগে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতায় ফিরে গেলে ইরানও একই পদক্ষেপ নেবে।
ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এবং এ লড়াইয়ে রাশিয়া তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এসসিও। সংস্থাটির সম্মেলন শেষে প্রকাশিত ঘোষণায় মধ্যপ্রাচ্য ও ইরানকে ঘিরে চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সংঘাতের জেরে তেলের দাম বাড়ছে
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৮ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৬৭ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৭ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক শূন্য ৩ ডলারে দাঁড়িয়েছে। খবর এএফপি, আলজাজিরা, প্রেস টিভি ও মিডেল ইস্ট আইয়ের।





