ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চিফ হুইপ মনি: মর্যাদা ও দেশের স্বার্থ সবার আগে

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বললেন, পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে।
আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।’
চিফ হুইপ বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয় না দেয়।’
‘পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে’-যোগ করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, যারা দেশে অপরাধ করেছে, তারা যেন কোনোভাবেই অন্য দেশে আশ্রয়ের সুযোগ না পায়। এ বিষয়ে ভারতের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। অপরাধীদের আশ্রয় না দেয়ার বিষয়টি দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও আস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে তিনি ইঙ্গিত দেন।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরে চিফ হুইপ বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং বাংলাদেশের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখেই। কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ তার জাতীয় স্বার্থকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও তার বক্তব্যে স্পষ্ট করেন তিনি।





