চট্টগ্রাম

টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ ২ জন আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। এ সময় পাচারকাজে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

​আজ বুধবার এক সংবাদ সম্মেলনে দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা চৌধুরীপাড়া স্লুইসগেট-সংলগ্ন এলাকা থেকে ইয়াবার চালানসহ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

​আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাশ ও মো. হোসাইন।

​বিজিবি অধিনায়ক জানান, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। আজ বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির স্লুইসগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। তখন টহল দল নৌকাটিকে থামার সংকেত দেয়। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

​পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পায় টহল দল। বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১৪০টি কার্টনে রাখা ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​জব্দকৃত মাদক ও ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button