এত কিছুর পরও এদেরকে আ.লীগের একটা অংশ কীভাবে সমর্থন করে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তাল হয়ে উঠেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
‘ক্ষমতার লোভ— এক লাখ বেলুন নাকি বাসে আগুন?’ বলে শিরোনাম দেওয়া ওই পোস্টটিতে সোহেল তাজ উল্লেখ করেন—‘গণহত্যা, গুম-খুন করে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকার বিশাল পাহাড় থেকে আবারও অরাজকতা সৃষ্টি করছে— নির্বাচনের আর ধরে বাংলাদেশর গণতন্ত্র ধ্বংস করার চেষ্টায়। ’
তিনি আরো লেখেন, ‘আমি ভাবতে অবাক হচ্ছি— এত কিছুর পরেও আওয়ামী লীগের কিছু সদস্য কীভাবে তাদের নগ্ন সমর্থন প্রদান করে? এর মানেটা হলো— তারা সবসময় সুবিধাবাদী ছিল। আর এখন এটি নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের জন্য খেসারত দিতে হবে। ’
যদিও তার পোস্টে কোনো নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এতে পরিষ্কার হয় যে তিনি আওয়ামী লীগের অভ্যন্তরের নেতৃত্ব এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে মন্তব্য করছেন। ৫ আগস্টের পরে থেকে সোহেল তাজ আওয়ামী লীগকে লক্ষ্য করে সমালোচনায় সক্রিয় রয়েছেন।





